সুমিতে রাশিয়ার কাছ থেকে গ্রাম পুনর্দখলের দাবি ইউক্রেনের
ইউক্রেনের সেনা। ফাইল ছবি : এএফপি
রুশ বাহিনীর সাম্প্রতিক অগ্রগতির মধ্যেই সুমি অঞ্চলের একটি গ্রাম ইউক্রেন পুনর্দখল করেছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে রবিবার ইউক্রেনের সেনা জেনারেল স্টাফ জানায়, ইউক্রেনীয় বাহিনী বেজসালিভকা গ্রাম ‘মুক্ত করেছে ও সম্পূর্ণভাবে’ রুশ সেনাদের সেখান থেকে হটিয়ে দিয়েছে। লড়াইয়ে ১৮ জন রুশ সেনা ‘নিহত’ হয়েছে বলেও দাবি করা হয়।
দেশটির উত্তরাঞ্চলের এ গ্রামটি মূল যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালানো রাশিয়া, ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে নিজস্ব অঞ্চল কুরস্ক পুনরুদ্ধারের পর এপ্রিল মাসে সুমিতে নতুন করে হামলা শুরু করে।
বর্তমানে রুশ সেনারা আঞ্চলিক রাজধানী সুমি শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থান করছে, যা প্রায়ই প্রাণঘাতী গোলাবর্ষণের শিকার হচ্ছে।
রাশিয়ার হামলার মূল কেন্দ্রবিন্দু এখন পূর্ব ইউক্রেন, যেখানে সাম্প্রতিক মাসগুলোতে তারা তুলনামূলকভাবে কম সজ্জিত প্রতিপক্ষের বিরুদ্ধে অগ্রগতি জোরদার করেছে।
সূত্র : এএফপি